মোদি মহান ও সত্যিই ভালো মানুষ :ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস চিকিত্সায় এটি কাজে লাগতে পারে এমন কথাবার্তা ওঠার পর মোদিকে ওষুধটি পাঠাতে অনুরোধ করেন ট্রাম্প। কিন্তু এটি পাঠানো নিয়ে সংশয়ের সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিয়ে বলেছিল, তেমন কিছু হলে তার ফল ভালো হবে না। এর ২৪ ঘণ্টার মাথায়ই মোদি যুক্তরাষ্ট্রকে ওষুধটি পাঠাতে সম্মত হয়।

গুজরাটের তিনটি কারখানা থেকে হাইড্রোক্সিক্লোরোকুইনের অন্তত ২ কোটি ৯০ লাখ ডোজের প্রথম শিপমেন্ট যুক্তরাষ্ট্রের পথে রয়েছে এমন খবরের পর ট্রাম্পের সুর বদলে গেল। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, মোদি একজন মহান ব্যক্তি...সত্যিই তিনি ভালো মানুষ। এর আগে, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী মোদি অটল থাকলে তিনি এতে অবাক হবেন।

মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন, এটা তার সিদ্ধান্ত কি না, আমি জানি না। তবে আমি জেনেছি যে, তিনি এটা অন্য দেশে রফতানি বন্ধ করেছেন। আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমাদের দুজনের খুবই ভালো আলোচনা হয়েছে। আমি তাকে বলেছি, সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। তিনি যদি এটার অনুমতি না দিতেন, তাহলে পালটা প্রতিশোধমূলক পদক্ষেপ আসত।

করোনা ভাইরাসের চিকিত্সায় বিশ্বের বেশ কয়েকটি দেশে ম্যালেরিয়া নিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা রোগীদের ওপর ম্যালেরিয়া-নিরোধী এই ওষুধের পরীক্ষা চালানো হচ্ছে। বিশ্বে হাইড্রোক্সিক্লোরোকুইনের মোট উত্পাদনের ৭০ ভাগই ভারতে হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-১৯ এর সম্ভাব্য প্রতিষেধক হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন শনাক্ত করেছে।

ইত্তেফাক/এসআই