রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে শ্বাস-কষ্ট, গলা ব্যাথাসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই নারী মারা গেছেন। তারা রংপুরের কাউনিয়ার হারাগাছ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
তাদের একজনের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরাগাছ খানসামার হাটে। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন, দু’জনেই অসুস্থ ছিলেন। তবে তাদের অসুস্থতার বিষয়টি সন্দেজনক হওয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর জানা যাবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা।
হারাগাছ মেট্রোপলিটান থানার ওসি রেজাউল করিম জানান, কাউনিয়ার হারাগাছ খানসামা হাট গ্রামের মিনা রানী সুইপার শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে হারাগাছ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। সকালে সে মারা যায়। স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডা. শামসুজ্জোহা সাংবাদিকদের বলেন, মিনা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পর মিনার স্বজনদের আইসোলেশনে রাখা হয়েছে।
অপরদিকে, মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নের কামালপুর গ্রামের এক নারী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার টাঙ্গাইলের হাসপাতালে মারা যায়।এরপর নমুনা সংগ্রহের জন্য অ্যাম্বুলেন্সে করে লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নুমনা নেওয়ার পর মরদেহটি আবার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। লাশ নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সের চালক ও এই নারীর স্বজনরা গা ঢাকা দিয়েছেন। বর্তমানে অ্যাম্বুলেন্সের মধ্যেই লাশটি পড়ে আছে।হাসপাতালের টিএইচও ডা. আব্দুল হাকিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রংপুরের সিভিল সার্জন জানান, দু’টি মৃত দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টির নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/এসআই