আবারও বঙ্গবন্ধুকে ইবি শিক্ষার্থীর কটূক্তি, বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কর্মী আশিকুল ইসলামকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বহিষ্কৃত আশিকুল ইসলাম পাটওয়ারী আরবি ভাষা ও সাহিত্য বিভাগের, ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বুধবার (৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

ওই অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতার প্রতি অসম্মানজনক যা ইসলামী বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি বিনষ্ট করেছে বিধায় ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪০ জন

ওই অফিস আদেশে আরও বলা হয়, কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তা বিশ্ববিদ্যালয় খোলার পর সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

এছাড়া, সার্বিক বিষয়টি তদন্ত পূর্বক রিপোর্ট পেশ করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড.সাজ্জাদ হোসেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ছন্দ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ইবি প্রশাসন। এর পরদিন ৮ এপ্রিল আবারও ঘটলো বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি।

তবে আশিকুল ইসলাম পাটোয়ারী মুঠোফোনে দাবী করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। ঐ পোস্টের বিষয়ে তিনি জানেন না।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইবি শাখা থেকে আশিকুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সংগঠনের সভাপতি ও সম্পাদকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

তবে আশিকুল ইসলাম পাটোয়ারী মুঠোফোনে দাবী করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। ঐ পোস্টের বিষয়ে তিনি জানেন না। 

ইত্তেফাক/এসি