ঠাকুরগাঁওয়ে দুই উপজেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউনে বিয়ে, বর-কনেসহ সবাই গ্রেফতার
আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ জেলা থেকে সম্প্রতি নিজ জেলায় এসেছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তাদের বসবাসরত গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলা থেকে প্রথম করোনায় আক্রান্ত হলো।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসায় চিকিৎসকরা তৎপর রয়েছে। তবে আতংকিত না হয়ে সকলকে সচেতন হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তিনি।
ইত্তেফাক/বিএএফ