করোনা পরিস্থিতিতে সিলেটে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে সিলেট ছয়টি সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সিলেটের হাসপাতালগুলোর পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সিলেটে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হলো- সিলেটের কোনো হাসপাতাল থেকেই চিকিৎসা না পেয়ে কোনো রোগী ফেরত যেতে পারবে না। প্রতিটি হাসপাতালে ফ্লু কর্নার স্থাপন করা হবে। দশটি ফোন নাম্বারে সার্বক্ষণিক ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিশ্চিত করা হবে। আইসিইউ সমৃদ্ধ দুইটি বড় হাসপাতাল শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ করা হবে। ভেন্টিলেশন ব্যবস্থার প্রয়োজনে আরো হাসপাতাল এ তালিকায় যুক্ত করা হবে এবং সিলেট সিটি কর্পোরেশন ও বেসরকারি হাসপাতালগুলোর যৌথ উদ্যোগে তিনটি এম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
আরও পড়ুন: রাজশাহীতে ৩০৭ করোনা পরীক্ষা, ৩০৬টির রিপোর্টই নেগেটিভ
সিলেট বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব ডা. নাসিম আহমদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএমএ'র সদস্যসচিব ও করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমান রোমান, রাগীব রাবেয়া মেডিকেলের পরিচালক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ, নর্থ ইস্ট মেডিকেলের পরিচালক ডাক্তার নাজমুল হক, উইমেন্স মেডিকেলের পরিচালক ডাক্তার মো. ফেরদৌস হাসান, পার্কভিউ মেডিকেলের পরিচালক ডাক্তার এম এ ছালাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ডাক্তার এ কে আখতারুজ্জামান, ওয়েসস হাসপাতালের পরিচালক ডাক্তার সোলাইমান আহমেদ, আল হারামাইন হাসপাতালের পরিচালক ডাক্তার নাহিয়ান আহমেদ চৌধুরী, ডাক্তার সৈয়দ মাহমুদ হাসান ও জাকির আহমদ চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ