নারায়ণগঞ্জের যুবকের লাশ রায়পুরে দাফন, ৪ বাড়ি লকডাউন

করোনা উপসর্গ নিয়ে মো. আব্দুস সাত্তার নামে নারায়নগঞ্জে মৃত এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে। শুক্রবার রাতে উপজেলার চরবংশী এলাকায় তার নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গভীর রাতে লাশটি দাফন করায় বিষয়টি জানতে পারেনি উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ দিকে শনিবার দুপুরে মৃত ব্যক্তির বাড়ি, ইমাম ও জানাজায় অংশগ্রহণকারী দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

মৃত ব্যক্তি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সিকদারকান্দি গ্রামের সিকদার বাড়ির আব্দুল মালেকের ছেলে মো. সাত্তার (২৫)।

স্থানীয়রা জানান, সাত্তার দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গার্মেন্টেসে চাকুরী করতেন। পুলিশ লাইনের পাশে পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। করোনা উপসর্গ নিয়ে শুক্রবার দুপুরে নিজ বাসায় মারা যান তিনি। পরে একই রাত ১২ টায় সাত/আট জন লোক বাড়িতে সাত্তারের লাশ নিয়ে এসে জানাজা পড়িয়ে পারিবারিক কবস্থানে দাফন করে আবার ঢাকায় ফিরে যায়।

উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এলাকাবাসীর নিরাপত্তার  স্বার্থে মৃত ব্যক্তির বাড়িসহ ৪ টি বাড়ি লক ডাউন করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে মৃত ব্যক্তির বাড়িসহ ৪ টি বাড়ি লক ডাউন করে দেয়া হয়েছে।

ইত্তেফাক/আরএ