বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মেশিনের বায়োসেফটি কেবিনেট নামে একটি যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। তাৎক্ষণিক সেটি পরিবর্তন করা হলেও এতে করোনা রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আগের চেয়ে কমে যাওয়ার কথা জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক।
ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক একেএম আকবর কবির সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে ল্যাবে কাজ করার সময় পিসিআর মেশিনের সহায়ক মেশিন বায়োসেফটি কেবিনেটে ত্রুটি দেখা দেয়। বিষয়টি অধ্যক্ষকে জানানো হয় এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তাৎক্ষনিক প্রথম বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে কম ক্ষমতা সম্পন্ন একটি মেশিন প্রতিস্থাপন করে। বর্তমানে মেশিনের সক্ষমতা আগের মেশিনের চার ভাগের এক ভাগ। আগের মেশিন প্রতিদিন ৯৬টি পরীক্ষার সক্ষমতা থাকলেও এখন তা ৪ ভাগের এক ভাগে নেমে এসেছেন। তবে এতে সমস্যা হবে না বলে দাবি করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীত ভূষণ দাস।
শুক্রবার রাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের জানান, আরটি-পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটে ত্রুটির কথা জানতে পেরে তিনি সংশ্লিস্ট কর্তৃপক্ষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে করোনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গত দুইদিনে ঐ ল্যাবে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চারজন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়।
ইত্তেফাক/আরকেজি