বিভিন্ন মন্তব্য করে নানা বিতর্কের জন্ম দেয়া শোয়েব আক্তার এবার পড়লেন আরও বড় ধরনের সমালোচনায়। করোনায় দেশ লকডাউনে থাকায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নিজেই লকডাউন ভেঙে তোপের মুখে পড়েছেন তিনি।
করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছেন সব তারকারা। দেশ-বিদেশের ক্রিকেটাররাও শামিল হয়েছেন সেই কাতারে। কিন্তু সবাইকে আইন মানার উপদেশ দিয়ে নিজে আইন ভাঙ্গলে স্বাভাবিকভাবে সবারই সমালোচনার মুখে পড়তে হয়। সেটাই হয়েছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতারের ক্ষেত্রে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গৃহবন্দি থাকছেন বিশ্ববাসী। পাকিস্তানে এখন চলছে লকডাউন। এই দুঃসময়ে ইসলামাবাদে ফাঁকা রাস্তায় সাইক্লিং করে রোষানলে পড়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আবার পোস্ট করেছেন তিনি নিজেই।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের ইসলামাবাদে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শোয়েব। মুখে মাস্ক নেই! সুপ্রিমকোর্ট চেনাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন- আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। অসাধারণ আবহাওয়া! রাস্তা খালি। দারুণ ব্যায়াম হচ্ছে।
বিভিন্ন গণমাধ্যম বলছে শরীরচর্চার অংশ হিসেবে এ কাজ করেন শোয়েব। অথচ এ সংকটময় সময়ে ঘরবন্দি থাকা উচিত ছিল তার। ইতিমধ্যে শোয়েবের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। প্রাণঘাতী করোনায় গোটা বিশ্বে প্রতিদিন হাজারও লোকের প্রাণ ঝরছে। সেখানে তার এমন কাণ্ডকে ‘স্বার্থপর’ বলছেন সমর্থকরা।
একজন মন্তব্য করেছেন, বড্ড ভুল সময়ে বাড়ির বাইরে বের হয়েছেন। আপনার দেখাদেখি অন্যরাও এ চেষ্টা করতে পারে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
ভিডিওটির কমেন্টে আরেকজন লিখেছেন, এ অবস্থায় নির্বোধের মতো কর্মকাণ্ড! মরণ রোগে বিশ্বব্যাপী দৈনিক হাজারও মানুষ মারা যাচ্ছেন। অথচ তিনি কিনা মনোরম শহরটির জনশূন্য সড়কে ঘুরে বেড়াচ্ছেন এবং নির্মল বায়ু সেবন করছেন।
ইত্তেফাক/এসআই