কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ষাটোর্ধ ওই ব্যক্তির বাড়ি উপজেলার চরতেরটেকিয়া গ্রামে। তিনি একই উপজেলায় এর আগে করোনা আক্রান্ত হোসেন্দী চরপাড়া গ্রামের আলমের শ্বশুর । এ নিয়ে এ উপজেলায় মোট দুইজন করোনা শনাক্ত হয়েছেন।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার। তিনি জানান, গত শনিবার (১১ এপ্রিল) করোনা উপসর্গ থাকায় ষাটোর্ধ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
সোমবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে ওই ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে তার সৌদি ফেরত জামাইকে দেখতে হোসেন্দী চরপাড়া গ্রামে গিয়েছিলেন। বাড়ি ফেরার পরদিন থেকেই করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক।
ইত্তেফাক/এএম