মুন্সীগঞ্জে র‌্যাবের গুলিতে দুই ডাকাত নিহত  

মুন্সীগঞ্জে র‌্যাবের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল এবং কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় র‌্যাবের দুই জন আহত হয়েছে। 
 

এ ঘটনা প্রসঙ্গে র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্বর্ণালংকার উদ্ধার করা। গেল তিন মাস যাবত ডাকাত সদস্যদের নজর রাখা হচ্ছিল। তারা শরিয়তপুরসহ ঢাকার আশেপাশের জেলাগুলোতে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালালে এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৭ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ টাকা-ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিলো এই করোনা

মুন্সীগঞ্জ র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “ঘটনাটি ঘটেছে র‌্যাব-২ এর সাথে। শরীয়তপুর জেলার গোসাইরহাটে কয়েক দিন আগে একটি ডাকাতি হয়েছিল। সে ডাকাতদের র‌্যাব-২ ফলো করছিল। পরে শ্রীনগরের বেঁজগাঁও এলাকায় ফাইট হয়। এই ডাকাতরা পদ্মার ওপার থেকে এদিকে আসছিল।”

শ্রীনগর থানার ওসি  মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, ডাকাতরা ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গুলিবিদ্ধ দু’জনের বয়স ২৬ থেকে ২৭ বছর হবে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় র‌্যাব সদস্য আহত হয়েছে তাদেরও হাসপাতালে নেয়া হয়েছে। 

র‌্যাবের গুলিতে দু’ডাকাত নিহতের বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান বলেন, ডাকাতি করে পালানোর সময় র‌্যাব-২ এর সাথে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়। তাদের লাশ নিয়ে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

ইত্তেফাক/এমএএম