ভোলার মনপুরায় কাউছার নামের এক ব্যাবসায়ীর বসতঘর থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছারের বসতঘরে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। তবে মূলহোতা ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বর আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছেন।
আটককৃতরা হলেন, মো. কাউছার (২৮), মো. হারুন (৪৫) ও আলী আজগর (৫৫)। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে।
আটককৃতরা জানান, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বর আ. রব পাটোয়ারী তাদের কাছে সরকারি চাউল বিক্রি করেছেন। আটককৃত কাওসারের ঘরে জোরপুর্বক সরকারি চাউলের বস্তা রেখে গেছেন। বার বার বলা সত্ত্বেও তিনি চাউলগুলো নেননি।
আরো পড়ুন: উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ২ টন ত্রাণের চাল উদ্ধার
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফকিরহাট বাজার ব্যবসায়ী কাউছারের বসতবাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ৪ জনকে অসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ৩ জনকে আটক করা রয়েছে। মূলহোতা পলাতক ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ বস্তা সরকারি চাল আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএএম