টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল হাসানের উদ্যোগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীদের পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ বুধবার মির্জাপুর উপজেলা ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে গিয়ে তিনি পিপিই, গ্লাভস, হেক্সাসলসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারী গন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল হাসান জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধিও জন্য সরকার ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারের ক্ষুদ্র একজন কর্মকর্তা হিসেবে আমিও চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, জনগণকে সচেতন, কর্মহীন ও দরিদ্রদের সহযোগিতার জন্য কিছু করার চেষ্টা করছি।
এ ব্যাপারে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, একজন পুলিশ কর্মকর্তা সব সময় ব্যস্ত থাকেন দেশ ও জনগণের সেবা করতে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ দুর্যোগের এই সময়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল হাসান যে সহযোগিতা করেছেন তা সত্যিকার প্রশংসার।
ইত্তেফাক/আরএ