কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে নার্স নিহত 

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে ইতিরানী রায় (৩০) নামে এক স্টাফ নার্স নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী মৃণাল কান্তি। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত ইতিরানী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স এবং একই উপজেলার দুর্গাপুর খামারপাড়া গ্রামের মৃনাল কান্তির স্ত্রী। 

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে স্বামী মৃনাল কান্তির মোটরসাইকেলে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল ইতিরানী। তারা চান্দাপাড়া নামক স্থানে পৌঁছালে প্রচণ্ড ঝড়ে তাদের ওপর একটি গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনেই আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইতিরানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহত মৃনাল কান্তি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহিল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

এদিকে হঠাৎ এ কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ভুট্টা, বোরো ধান, আম ও লিচুর ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/এএএম