কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ ইসমাইল (৩৫) নামে এক কয়েদি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু হয়।
এর আগে রাত ১২টার দিকে কারাগারে বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় বলে জানান কক্সবাজার কারাগার সুপার মোকাম্মেল হোসেন।
জানা যায়, মৃত ইসমাইল টেকনাফের নয়াপাড়া এলাকার মৃত অলি আহমদের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৩ মার্চ থেকে কারান্তরীণ ছিলেন মোহাম্মদ ইসমাইল।
আরও পড়ুনঃ চীনে ২৭৩ জনের দেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা
কারা চিকিৎসকের বরাত দিয়ে জেল সুপার বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ স্ট্রোক করলে ইসমাইলকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মোহাম্মদ ইসমাইলের স্ত্রী জান্নাতুল ইয়াসমিন মুন্নি দাবি করেছেন, নামের গরমিলের কারণে আরেকজনের মামলায় আসামী হয়ে ৬ মাসের সাজায় কারান্তরীণ হন তার স্বামী। অথচ কখন; কি কারণে মামলা হয়েছে, সাজা কখন হয়েছে -এ বিষয়ে জানতেন না তারা।
মুন্নি বলেন, তার স্বামীকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে জেনেছেন, তিনি মামলায় সাজাপ্রাপ্ত। মিথ্যা মামলায় আসামী যারা বানিয়েছে, তাদেরকেই মৃত্যুর জন্য দায়ী করেছে ইসমাইলের স্বজনেরা।
ইত্তেফাক/ এমএএম