দৈনিক ইত্তেফাকের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাবেক সংবাদদাতা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শহীদ উল্লাহ (৬৯) বুধবার বিকাল তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ----- রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার একমাত্র ছেলে মেজর সাজ্জাদ শহীদ শুভ্র বর্তমানে মালেতে শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন। বড় মেয়ে শরামিন শহীদ সীমা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যোগাযোগ কর্মকর্তা এবং ছোট মেয়ে ডা. আইরিন শহীদ রিমা বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
মরহুম শহীদ উল্লাহ ৮০ দশকের পর থেকে দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। এছাড়া কয়েক বছর ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রবীণ সাংবাদিক শহীদ উল্লাহর মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান ও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর নরসিংদী জেলার শিববপুর থানার মিয়ারগাঁও গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/বিএএফ