কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩২৫জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পেলো খাদ্য সহায়তা। আজ বুধবার দুপুরে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র পক্ষ থেকে এসব খাদ্য বিতরণ করা হয়। রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী ও ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাছান প্রমুখ এই খাদ্য সহায়তা পৌঁছান।
এ সময় ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী বলেন, প্রতিটি ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার খেটে খাওয়া মানুষদের তালিকা করে ঘরে ঘরে পৌঁছানোর কাজ চলছে। রসুলপুরেও খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে। এর আগে করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন আবুল কাশেম ওমানী।
এদিকে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী মানুষের ঘরে দ্রুত খাদ্য সেবা পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্রলীগ। ‘হ্যালো ছাত্রলীগ’ জরুরি খাদ্য সরবরাহের একটি নম্বরে কল করলে মিলছে এই খাদ্য সহায়তা। কল করে যে কেউ পেতে পারেন এ খাদ্য সামগ্রী উপহার। স্থানীয় সংসদ সদস্য রাজী মুহাম্মদ ফখরুলের সহায়তায় ‘হ্যালো ছাত্রলীগ’ ব্যতিক্রমী এই খাদ্য সামগ্রী উপহারের সেবা চালু করেছে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল জানান, ‘হ্যালো ছাত্রলীগ’ এ কল করার সাথে সাথে তার নাম ঠিকানা নোট করা হয়। আমরা চেষ্টা করি খাদ্য সামগ্রী উপহার নেয়া সকলের নাম গোপন রাখতে। ‘হ্যালো ছাত্রলীগ’ গোপনে রাতের আধারে মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী উপহার দ্রুত পৌঁছে দিচ্ছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক জানান, করোনায় বিপর্যস্ত হওয়া যেকোন মানুষ ‘হ্যালো ছাত্রলীগ’ জরুরি খাদ্য সরবরাহের নম্বরটিতে কল করে খাদ্য সহায়তা নিতে পারবেন। ‘হ্যালো ছাত্রলীগ’ নম্বরটি করোনায় চলাকালীন সব সময়ই চালু থাকবে।
ইত্তেফাক/আরএ