সুবিধাবঞ্চিতদের পাশে রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ

রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’র চলমান খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে বুধবার পল্লবী ইস্টার্ন হাউজিংয়ের ২য় ফেজের সন্নিকটে বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় ১৫০টি বস্তিবাসী পরিবারের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কমিউনিটি ট্রান্সমিশনের আশংকা থাকায় বর্ণিত খাদ্য সামগ্রী বিতরণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের তত্ত্বাবধানে রূপনগর থানা এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের কার্যালয়ের সম্মুখে আজ বেলা ১২:৩০ ঘটিকায় বর্ণিত খাদ্য সামগ্রী  “রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ” এর পক্ষ থেকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন এবং রোটারিয়ান আমানুল হক কনক, রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান জিতু এবং রোটারিয়ান জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকায় সুবিধাবঞ্চিত ২০টি পরিবারের এর নিকট ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

রোটারিয়ান শাহআলম চৌধুরী হিমু’র তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

“রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’র অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য সামগ্রী বিতরণ কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য ডিএমপি’র মিরপুর বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি দেশের এই বিরাজমান অনিশ্চিত পরিস্থিতিতে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সবাইকে তার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে থাকার আহবান জানান।

ইত্তেফাক/বিএএফ