চট্টগ্রামের লোহাগাড়াও লকডাউন  

চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার রাতে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়কে বা অন্য কোন পথে অন্য কোন উপজেলা হতে কেউ এ উপজেলায় প্রবেশ করতে বা এ উপজেলা হতে অন্য কোন উপজেলায় যেতে পারবে না।

ইউএনও জানান, লকডাউনের সময় জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ঘরের বাইরে কেউ বের হতে পারবে না। লকডাউনের ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে তাদের ইউনিয়নের সকল প্রবেশ পথ বন্ধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে কেউ বাইরে যেতে না পারে এবং কেউ লোহাগাড়ায় প্রবেশ করতে না পারে।

উল্লেখ্য, লোহাগাড়ার পাশ্ববর্তী উপজেলা সাতকানিয়ায় ৮ জন করোনায় আক্রান্ত হয়। ইতিমধ্যে এক জন মারা যান। ফলে বুধবার দুপুরে সাতকানিয়াকে লকডাউন ঘোষণা করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোহাগাড়াকেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও লোহাগাড়ায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

ইত্তেফাক/এমআরএম