গোপালগঞ্জে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গোপালগঞ্জে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
এ পর্যন্ত মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও কোটালীপাড়ায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
কোটালীপাড়ায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের বাড়িতে এসেছিলে। তিনি টুঙ্গিপাড়ায় আক্রান্ত ব্যক্তির বন্ধু।তাই তিনি তার সংস্পর্শে ছিলেন বলে জানান গোপালগঞ্জের সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে, বুধবার গোপালগঞ্জে মুকসুদপুরে করোনার উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার শ্বাসকষ্টে টুঙ্গিপাড়ায় ৫০ বছর বয়সী এক নারী মৃত্যু বরণ করেন। এছাড়া গত ১২ এপ্রিল বুধপাশা গ্রামের এক নারী করোনার লক্ষণ নিয়ে মারা যান।
ইত্তেফাক/এমআরএম