রংপুরের পীরগাছায় নিম্নআয়ের পাঁচশতাধিক নারী-পুরুষ ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের হাউদার পাড় এলাকার রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, কর্মহীন থাকায় প্রায় প্রতিটি পরিবারে খাবার নেই। তাদের কাছে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। স্থানীয় প্রশাসনসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েও ত্রাণ পাওয়া যাচ্ছে না। গত একমাস থেকে খেটে খাওয়া মানুষগুলো ঘরবন্দি থেকে মানবেতর জীবন যাপন করে আসছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সেদিকে নজর দিচ্ছে না।
তারা আরও বলেন, কাজ বন্ধ হওয়ার কারণে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা মানবেতর জীবন যাপন করছে। ত্রাণ না পেয়ে জীবন বাঁচাতে নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এ সময় তারা দ্রুত ত্রাণ সামগ্রী পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি।
ইত্তেফাক/এসি