গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির বোতলজাত ১৯৬ লিটার সয়াবিন তেলসহ ডিলার ও ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল ৩টায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা বাজার পোস্টঅফিস রেডে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- টিসিবির ডিলার মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের নিলু সরদার (৪০) ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী কমলাপুর গ্রামের কুমারেশ রাহা (৪২)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি ইফতেখারুজ্জামান জানান, অতিরিক্ত লাভের আশায় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ী কুমারেশ রাহার দোকানে অভিযান চালায় র্যাব।
সেখান থেকে দুই লিটার ওজনের বোতলজাত ৯৮ বোতল সয়াবিন তেল উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত সয়াবিনের পরিমাণ মোট ১৯৬ লিটার।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, টিসিবির ডিলার নিলু সরদার সাধারণ মানুষের কাছে বিক্রি না করে ব্যবসায়ী কুমারেশ রাহার কাছে ওই ১৯৬ লিটার সয়াবিন কালোবাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন।
কুমারেশ অতিরিক্ত মুনাফার আশায় এ সয়াবিন টিসিবির ডিলাবের কাছ থেকে ক্রয় করে মজুদ করেন। এসব অপরাধে টিসিবির ডিলার ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ