সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবারও টানা চতুর্থ দিনের মতো ১০টি বিক্ষোভ করেছে সাভার আশুলিয়ার বেশ কয়েকটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৮টা থেকে এ ওয়ান নিটওয়্যারের প্রায় ৮ শতাধিক শ্রমিক জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ বকেয়া বেতন নেয়ার জন্য কারখানার সামনে অবস্থান নেন।
গত ৩ মাসে ৭ দফা সময় দিয়েও বেতন দিতে কর্তপক্ষ ব্যর্থ হয়। গতকাল ৮ম বারের মতো তারিখ দেয়া হয়েছিল বেতন দেয়ার জন্য। এছাড়া সরকারের নির্দেশনাও ছিলো গতকালের মধ্যে সকল কারখানার বেতন পরিশোধের বাধ্যবাধকতার। কিন্তু সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করেও শেষ পর্যন্ত বেতন না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে ওঠে শ্রমিকরা।
এসময় তারা ডিইপিজেড এর সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া একই দাবিতে আশুলিয়ার আরো একাধিক কারখানায় এমন বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, মন্ত্রণালয় থেকে ১৬ এপ্রিলের মধ্যে সকল কারখানার বেতন ও বকেয়া পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে কিন্তু এখনও শ্রমিকরা তাদের বেতন পায়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকদেরকে বেতনের দাবিতে রাজপথে নামতে হচ্ছে। এতে শ্রমিকরা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার দায় কে নেবে।