করোনায় আক্রান্ত নুসরাতের বাবা, কোয়ারেন্টাইনে মা-বোন

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা। গত রবিবার প্রচণ্ড জ্বর নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হলে পরদিন সোমবার তার লালারসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এরপরই নুসরাতের মা ও বোনকে ১৪ দিনের হোম-কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বাবা। রবিবার রাতে জ্বর বেড়ে যাওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজেটিভ আসে।

পরদিন অর্থাৎ মঙ্গলবার রিপোর্টটি পাঠানো হয় স্বাস্থ্য ভবনে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নুসরাতের মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এর আগে নুসরাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসের রোগে ভুগছেন তার বাবা। প্রচণ্ড জ্বর এলে নিয়মিত জ্বরের ওষুধ কাজ না করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পরই তারা করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি