বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’
আরো পড়ুন : ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য
নিজ দলের কমীদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল বিএনপির যাদের আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। এরপরও আমাদের সাধারণ ভোটারকে কেউ হতাশ করতে পারবে না।’
বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ গুলো সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহিন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।’
ইত্তেফাক/ইউবি