উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২১ সৈনিক

কোভিড-১৯ করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাগামহীন। ভারতেও দিনে দিনে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা । এবার ভারতের নৌবাহিনীর একজনের করোনা ধরা পরে এবং কোন উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছে আরও ২০ সৈনিক। এ নিয়ে দেশটির ২১ জন নৌসেনা করোনায় আক্রান্ত হয়েছে।

মুম্বাইয়ে ওই সেনাদের কোভিড—১৯ পজিটিভ ধরা পড়ায় তাদের দেশটির নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনী-তে কোয়রান্টিনে রাখা হয়েছে। মুম্বাইয়ের নৌঘাঁটি আইএনএস অ্যাঙ্গরে কাজ করেন তারা। ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন কম্যান্ডের লজিস্টিকাল এবং প্রশাসনিক কাজকর্ম এ ঘাঁটি থেকে চলানো হয়।

শনিবার সকালে এক বিবৃতিতে জানানো হয়, সংক্রমণের বিষয়টি জানার পরই আইএনএস অ্যাঙ্গরে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে ওই নৌ সেনাদের।

ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা যায়, ২১ জনের রিপোর্ট দেহে করোনা শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে ২০ জনের শরীরে করোনার কোনও উপসর্গই ছিল না। কিন্তু গত ৭ এপ্রিল তাদের এক জনের দেহে করোনা সংক্রমণের উপসর্গ ধরা পড়ে। পরে ওই নৌঘাঁটিতে থাকা অন্য ২০ জন নৌসেনার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে প্রত্যেকেরই করোনা ভাইরাস পজিটিভ আসে। 

দেশটির নৌবাহিনী সূত্রে আরও জানা যায়, আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আইএনএস অ্যাঙ্গরে থেকে কয়েকশো মিটার দূরেই নৌবন্দর। সেখানেই নোঙর করা থাকে ওয়েস্টার্ন কম্যান্ডের যুদ্ধজাহাজ, সাবমেরিন। তবে সেগুলোতে সংক্রমণ ছড়ায়নি বলেই নৌসেনা সূত্রে জানানো হয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ২ জন চিকিত্সক এবং এক জন নার্স রয়েছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান নরবণে।

 

আরও পড়ুন: করোনা: আফ্রিকায় মৃত্যু হতে পারে ৩ লাখ মানুষের

ভারতে করোনায় মৃত বেড়ে ৪৮০ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৯৯১ জন। যা গত কালের তুলনায় কিছুটা কম। এতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আনন্দবাজার।


ইত্তেফাক/আরআই