রাজধানীর বাড্ডায় ত্রাণের দাবিতে করা বিক্ষোভ ছিল সাজানো। পুলিশ দাবি করেছে, মানুষ ভাড়া করে ওই বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভের ঘটনায় ডিএনসিসির ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় চার জনের নাম উল্লেখ মামলা করেন। মামলায় ডিএনসিসি নির্বাচনে ওই এলাকার পরাজিত কাউন্সিলর প্রার্থী গোলাম সারোয়ার পিন্টুকে পুলিশ গ্রেফতার করে।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গত ১৪ এপ্রিল সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনের সড়কে কয়েকশ’ মানুষ জড়ো হয়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পুলিশ বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, স্থানীয় কাউন্সিলর ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পিন্টুসহ চার ব্যক্তি এই বিক্ষোভের আয়োজন করেছেন। এরপর পিন্টুকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : মৃত্যু বাড়ছে, লকডাউন জোরদার হচ্ছে না
পুলিশের দাবি, বিক্ষোভের মাধ্যমে দেশে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এই বিক্ষোভ নিজের ফেসবুকে লাইভ করেছিলেন পিন্টু। ওই দিন স্থানীয় কাউন্সিলর ত্রাণ বিতরণ করছিলেন। সেটা নিয়ে অনিয়ম হচ্ছে বলে বিক্ষোভ থেকে দাবি করেন তারা। বিক্ষোভটি পরিকল্পিত ছিল। পিন্টু ছাড়া অপর তিনজন আবুল বাশার, জজ মিয়া ও আলাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাত/ইউবি