কুষ্টিয়ায় মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিপুল পরিমান ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে এক ফার্মেসি মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। শনিবার বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন এবং হাতে-নাতে মেয়াদউত্তীর্ণ ওষুধসহ বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করেন। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত ঔষধ প্রশাসন আইন ১৯৪০ এর ১৮ (ক) এর ২৭ ধারা মোতাবেক মালিক আশরাফুল হককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সিভিল সার্জনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি