চাটমোহরে নারায়ণগঞ্জ থেকে আসা আরেকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ এসেছে। এনিয়ে চাটমোহরে আক্রান্তের সংখ্যা হলো দুইজনে। নতুন করে করোনা শনাক্ত ব্যক্তি হলেন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে রেজাউল করিম (৩৫)।
ইউপি চেয়ারম্যানকে এম জাকির হোসেন জানান, গত ১৫ এপ্রিল রেজাউল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। তিনি পোশাককর্মী। বাড়িতে আসার পরই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। এনিয়ে গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম রেজাউল করিমের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং নমুনা সংগ্রহ করেন। শনিবার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার ভিটাপাড়া গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে।
এরআগে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের রেজাউল মোল্লার ছেলে জহুরুল ইসলাম (৩২) এর করোনা পরীক্ষার পজেটিভ ফলাফল আসে। জহুরুলও নারায়ণগঞ্জ থেকে ৭ এপ্রিল বাড়িতে আসেন। তিনি চাষাড়া উপজেলায় স্টাইল মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ওইদিন রাতেই উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লকডাউন করে দেয়। জহুরুলকে ১৭ এপ্রিল ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জহুরুলের পরিবারের ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয় বলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান জানান।
ইত্তেফাক/আরকেজি