বেশি মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। ঢাকা মহানগরীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। অভিযানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস বিক্রয় করার অপরাধে আরামবাগের রাস ফর্মাকে ১০ হাজার টাকা, ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মাকে ১০ হাজার টাকা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে এজিবি কলোনির প্রতিদিন ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা এবং ছাপা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ : স্বাস্থ্যমন্ত্রী
এ সময় হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/ইউবি