নাটোর পৌর এলাকায় মায়েদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে এসব খাদ্য মায়েদের হাতে তুলে দেন।
সকালে নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালুর মোড় এলাকায় কর্মসূচির সূচনা হয়। পর্যায়ক্রমে পৌরসভার অবশিষ্ট ৮টি ওয়ার্ড এলাকায়ও এসব শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে তরল দুধ, নুডলস্, কেক, বিস্কুট, জুস, চানাচুর, ওয়েফার, চিপস ইত্যাদি।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন বাবা-মায়ের কারণে বাড়িতে শিশুরাও তাদের খাদ্য সংকটে রয়েছে। যে কোনো সহায়তায় শিশুদের অগ্রাধিকার-এই বোধ থেকে এই সহায়তা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এসময় অন্যদের মধ্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি