ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে কর্মহীন, হতদরিদ্র, দিন মজুরসহ বিভিন্ন পেশার শ্রমিকদের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। রবিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার কলেজ রোড এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম জানান, করোনা দুর্যোগকালীন সময়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের বাড়িতে ওয়ার্ড কমিটির মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল  চাল, ডাল, আলু, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভুঁইয়া, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ সাগর, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাছানুজ্জামান তরুন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ। 

ইত্তেফাক/এসি