নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সাগর বর্মণ ও রাকিব হোসেন নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার পত্নীতলা ও সদর থানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাগর বর্মণ পত্নীতলা উপজেলার কায়রাপুর গ্রামের মনমত বর্মণের ছেলে এবং রাকিব হোসেন নওগাঁ শহরের রামভদ্রপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার জানান, মঙ্গলবার সকালে ভ্যানচালক সাগর বর্মণ তার গ্রামের বাড়ি থেকে সাপাহার বাজারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ইটাপুকুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ধান বোঝায় একটি ট্রাক এসে ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক রামেকে নেওয়ার পরামর্শ দেন। রামেকে নেওয়ার পথে সাগর বর্মণ মারা যান।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাকিব সদর উপজেলার কীর্ত্তিপুর বাজার থেকে তার বাড়ি যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে বদলগাছীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাকিবে মৃত্যু হয়। পথচারীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/বিএএফ