প্রবাসে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে ক্রেন দুর্ঘটনায় মো. ইয়াহিয়া (২৬) নামে বাংলাদেশি এক ওয়েল্ডিং শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার ইরাকের স্থানীয় সময় ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি ইরাকের কারবালা শহরে হুন্দাই কোম্পানির গোমা প্রকল্পে টিআইজি ওয়েল্ডার পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: চাল চুরি: আওয়ামী লীগ নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ১

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে দেশীয় একটি জনশক্তি রফতানি প্রতিষ্ঠানের মাধ্যমে হুন্দাই কোম্পানির গোমা প্রকল্পে টিআইজি ওয়েল্ডার পদে চাকরি নিয়ে ইরাকে যান ইয়াহিয়া। অন্যান্য দিনের মতো গত সোমবার কাজ করার সময় তাকে ম্যানলিপ্ট ক্রেন দিয়ে প্রকল্পের নির্ধারিত স্থানে নেওয়ার সময় ক্রেন ভেঙ্গে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার অন্যান্য সহকর্মীরা বিষয়টি তার পরিবারকে অবহিত করেন। মৃত্যুর খবরে তার পরিবারে নেমে আশে শোকের ছায়া।

নিহতের  বড় ভাই মো. সারোয়ার হোসেন জানান, আমরা যতটুকু জানতে পেরেছি এ দুর্ঘটনায় নিহতের কোন ত্রুটি ছিলনা। মৃতের ক্ষতিপূরণসহ তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার দাবী জানান তিনি। 

ইত্তেফাক/বিএএফ