ক্রিকেট বলে থুতু ব্যবহার করা যাবে না

ক্রিকেট বলে সুইং দেবার জন্য থুথুর ব্যবহারের ইতিহাস বেশ পুরাতনই বলা চলে। তবে এই থুতুর ব্যবহার ভবিষ্যতে করোনাভাইরাস সংক্রমণের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলে দিয়েছেন ।

বর্তমানে বিশ্বে সকল প্রকার ক্রিকেট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হবার আগে খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনাই নেই। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও যে করোনার ঝুঁকি শেষ হয়ে যাবে সেটি কিন্তু ভাবা যাবে না। সেই সময় খেলা মাঠে গড়ালে খেলোয়াড়দের থাকতে হবে সতর্ক। একই সঙ্গে থুতু ব্যবহারের বিকল্প কিছু বের করে নিতে হবে তাদের।

বাংলাদেশ দলের পেসার এবাদত হোসেন বলেন, 'আমাকে বলটি সুইং দিতে হলে ঘষতে হবে। তাই আমার থুতু স্পর্শ করার জন্য আমি হাত ব্যবহার করিনি। এর পরিবর্তে আমি বলে থুথু ফেলেছিলাম।'

বিকল্প ব্যবহারের প্রসঙ্গে বিসিবি পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, 'যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আসে তবে আমাদের বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। আমি মনে করি বোলাররা ঘাম ব্যবহার করতে পারে।'

'আমি কেবল এটুকুই বলতে পারি যে যদি থুতু জিনিসটিকে বাতিল করে দেওয়া হয় তবে আমাদের এ সম্পর্কে অনেক চিন্তাভাবনা করতে হবে। আশা করি আমরা এর সমাধান করব।'

ইত্তেফাক/এসআই