ত্রাণের বিক্ষোভে ইন্ধন দেয়ায় দুইজন জেল হাজতে

রংপুরের পীরগাছায় ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ফিরোজ আমিন পীরগাছা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সিরাজুল পাটোয়ারী উপজেলার অনন্তরাম গ্রামের হাফেজ নাজিমুল্লাহর ছেলে।

মঙ্গলবার ( ২১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ৭নং ওয়ার্ডের কিছু নারী-পুরুষ ত্রাণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় ইউপি সদস্য ফিরোজ আমিন মোবাইল ফোনে ও ঘটনাস্থলে উপস্থিত থেকে ইন্ধন দেন বলে পুলিশ দাবি করেছে। 

সোমবার সন্ধ্যায় তাকে বড়পানসিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে রাতে সিরাজুল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজুল রংপুরে আইনজীবির সহকারী হিসেবে কাজ করেন।

এর আগে এ ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে পীরগাছা থানার এসআই জিয়া বাদি হয়ে বিশেষ নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসআই