করোনার কারণে অভিবাসন বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প

করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরণের অভিবাসন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কার্যকর করতে নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছেন তিনি। এক টুইটে তিনি করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রুর হামলা’ আখ্যা দিয়ে বলেন, আমেরিকার অধিবাসীদের জন্য এখন চাকরি ও জীবিকা বাঁচানো প্রয়োজন।

তবে বিশ্লেষকরা বলছেন, এটা পরিষ্কার নয় যে ঠিক কোন কোন কর্মসূচি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং প্রেসিডেন্ট এই আদেশ শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কিনা। সমালোচকরা বলছেন, করোনাভাইরাসকে ব্যবহার করে সরকার অভিবাসনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে চাইছে। সোমবার দিন শেষে ট্রাম্পের এই ঘোষণা আসে। অবশ্য তখন হোয়াইট হাউজে বিতর্ক চলছিল যে যুক্তরাষ্ট্রে মহামারির ধ্বংসযজ্ঞ শেষ এবং এখন দেশটিকে উন্মুক্ত করে দেয়া উচিত কিনা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলে বিভিন্ন রাজ্য যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা দেশটির অর্থনীতিকে আংশিকভাবে অচল করে দিয়েছে। গত চার সপ্তাহে দুই কোটির বেশি আমেরিকান জানিয়েছেন যে তারা চাকরি হারিয়েছেন। এই সংখ্যা গত এক দশকে যে পরিমাণ চাকরিসৃষ্টি হয়েছিল, তার প্রায় সমান। এটা এখনো পরিষ্কার নয় যে ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে কারা ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে গত মাসে করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্র প্রায় সব ধরণের ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেয়। সূত্র: বিবিসি

ইত্তেফাক/এমআর