যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার করোনার ভয়াল থাবার আশঙ্কা

প্রাণঘাতী করোনার প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে। ধারণা করা হচ্ছে, দেশটিতে করোনায় প্রথম সর্বোচ্চ প্রকোপ কেটে গেছে। তবে জ্যেষ্ঠ একজন রোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার করোনার ভয়াল থাবার আশঙ্কা প্রকাশ করেছেন।  

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রেভেনশনের প্রধান রবার্ট রেডফিল্ড বলেন, যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয়বার সংক্রমণ হতে পারে এবং সেটা হলে প্রথমবারকে ছাড়িয়ে যাবে।

তিনি আরও জানান, পরবর্তী শীতে এই ভাইরাসের প্রভাব আরো বাড়তে পারে যুক্তরাষ্ট্রের ওপর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সেই সময় ফ্লু মৌসুম শুরু হবে, সাধারণত যখন জ্বর-সর্দি-কাশি লেগে থাকে। ওমন একটা সময়ে করোনাভাইরাস যদি আঘাত হানে সেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। 

এক বছরের মাথায় দুইবার শ্বাসতন্ত্র সম্পর্কিত সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে, তা দেশটির স্বাস্থ্যসেবায় ভাল একটা প্রভাব ফেলবে।

এই বিশেষজ্ঞ এই সতর্কতা এমন একটা সময়ে দিলেন যখন যুক্তরাষ্ট্র সরকার লকডাউন ভাঙার কথা ভাবছে।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৪৫ হাজারের বেশি মানুষ। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। বিবিসি। 

ইত্তেফাক/এসআর