স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক 

নওগাঁর  নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী তারা মনিকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ভুট্টু রবিদাসকে (৪২) আটক করেছে পুলিশ।  বুধবার ভোর রাতে উপজেলার কানইন (করবলা) গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার পর স্থানীয়রা ভুট্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আটককৃত ভুট্টু ওই গ্রামের ফুলচান রবিদাসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী ও সন্তানসহ মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর বুধবার ভোর রাতে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে মারপিট ও কিল-ঘুষি মারেন স্ত্রী তারা মুনকে স্বামী ভুট্টু। এতে ঘটনাস্থালেই তারার মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ভুট্টুকে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই তাদের কলহ শুরু হতো। আবার থেমেও যেত। এভাবেই তাদের সংসার চলছিল। 

আরো পড়ুন: ভারতে আটকে পড়া তাবলিগের তিন শতাধিক সাথীকে দেশে আনা হচ্ছে 

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, তারা মনির শরীরের একাধিক স্থানে মারপিটের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর মারপিটে তারা মনি মারা গেছেন । 

ওসি আরো জানান, আটককৃত ভুট্টু স্ত্রীকে মারপিটের কথা স্বীকার করেছেন। ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম