আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ২ হাজার মানুষের খাদ্য সামগ্রীর প্যাকেট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বিপ্লব। এই খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, লবণ, তেল, ডাল ও চিনি।
এ ছাড়াও পৃথক ত্রাণ তৎপরতায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব, পরিচালক মো. হুমায়ুন কবির ও মার্কেটিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন।
এ উপলক্ষে জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বিপ্লব বলেন, করোনা ভাইরাস যুদ্ধ জয়ে কোভিড-১৯ প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রতিদিন এক হাজার দরিদ্র মানুষকে খাওয়ার ব্যবস্থা করছি। একই সঙ্গে প্রতিদিন চিকিৎসকদের পিপিই ও স্যানিটেশন সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে; চিকিৎসকরা যাতে নির্ভয়ে করোনা প্রতিরোধে সেবা দিতে পারেন।
তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসকদের ১০ হাজার পিপিই বিতরণ করেছি। এ সময় দেশের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষকে খাদ্য বিতরণ অব্যাহত রাখবো এবং সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসক নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পিপিই ও স্যানিটেশন সামগ্রী আমরা নিজ উদ্যোগে বিতরণ অব্যাহত রাখবো।
ইত্তেফাক/আরএ