করোনা পরিস্থিতি মোকাবেলায় পীরগঞ্জে সরকারী ত্রাণের (জিআর) চাল বিতরণে তেলেসমাতি ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ৫১মেট্রিক টন চাল এবং ৯ লাখ ২০ হাজার টাকার হদিস মিলছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ জবাব দিতে পারে নি। অপরদিকে উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ক্ষুব্ধ হয়ে ত্রাণের চাল হরিলুট হওয়ার অভিযোগ করছেন।
প্রতিদিন ত্রাণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি ছুটছে নিম্ন আয়ের অসহায় মানুষ। উপজেলায় ত্রাণ হিসেবে চলতি মাসের ১৫ এপ্রিল পর্যন্ত ২৫১ মেট্রিক টন চাল এবং ওই পরিমাণ নগদ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান জানান, গত ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পীরগঞ্জে কয়েক দফায় ত্রাণের ২৫১ মেট্রিক টন চাল এবং ৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রতিটি বরাদ্দই ইউনিয়নে বিভাজন করে ইউপি চেয়ারম্যানদের নামে ডি.ও দেয়া হয়। প্রথম ধাপে প্রতিটি ইউনিয়ন ১’শ ২৫ জনকে ১০ কেজি করে, ২য় পর্যায়ে প্রতি ইউনিয়নে ২’শ জন এবং ৩য় পর্যায়ে প্রতি ইউনিয়নে ৩’শ জন করে প্রত্যেককে ১০ কেজি করে মোট ১’শ মে. টন চাল দেয়া হয়।
৪র্থ দফায় প্রতিটি ইউনিয়নে ১০ কেজি করে ৬’শ পরিবারকে চাল দেয়া হবে। এছাড়াও ৪ ধাপে পৌরসভায় ১’শজন, ৩শ’জন, ৫শ’জন, ও ৭শ’জন জনকে ১০ কেজি করে বিতরণে বরাদ্দ দেয়া হয়। হিসেব মতে, ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ২’শ মেট্রিক টন চাল বিতরণে ডিও দেয়া হলেও অবশিষ্ট ৫১ টন পৌর ও ইউনিয়নে বিতরণে ডিও দেয়া হয়নি।
এ প্রসঙ্গে পিআইও জানান, অবশিষ্ট ৫১ মেট্রিকটন চাল ও নগদ টাকা ইউএনও টিএমএ মমিন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল নিজ উদ্যোগে বিতরণ করেন। পিআইও ১’শ ৯৬ টন চাল বিতরন দেখালেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ জানান, বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত উপজেলা দুটি খাদ্য গুদাম থেকে ৯০ মে. টন চাল সরবরাহ দেয়া হয়েছে। কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী ৫১ টন চাল এবং ৯ লাখ ২০ হাজার টাকার কোন হদিস মিলছে না।
এ ব্যাপারে মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা প্রশাসকের বরাদ্দ সঠিকভাবে বিভাজন করলে ত্রাণের চাহিদা কমতো। মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের মতামত ছাড়াই ওই ৩ ব্যক্তি ৫১ টন চাল কিভাবে বিতরণ করে বুঝি না। এছাড়াও পিআইও কে নগদ টাকার কথা জিজ্ঞেস করলেও তিনি সদুত্তর দিতে পারেননি।
ইত্তেফাক/এসআই