নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের ১৫ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ. শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খান। এ সময় তাদের বিক্রি করা নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আটটি বাড়িতে তল্লাশি চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল ও তিনটি খালি বস্তা উদ্ধার করা হয়।
ইউএনও সাইফুল ইসলাম মজুমদার বলেন, তিনি জানতে পারেন ডিলার শাহজাহান ও তার সহযোগী ইসমাইল হোসেন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ না করে তা উচ্চমূল্যে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমা ও খাদ্য কর্মকর্তা অচিন্ত চাকমাকে ব্যবস্থা নিতে বলেন। তারা সরেজমিনে গিয়ে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল এবং তিনটি খালি বস্তা উদ্ধার করেন। একই সময় কৌশলে ডিলার শাহজাহান ও সহযোগী ইসমাইল খানকে আটক করেন।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ডিলার শাহজাহান ও তার সহযোগী ইসমাইল খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসআই