কুমিল্লায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি, আহত ৫

কুমিল্লার বেশ কয়েকটি এলাকায় বুধবার বিকালে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির টিনের চালা, গাছগাছালি ও ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার বুড়িচং উপজেলার একাধিক স্থানে ঝড়ে অন্তত ৫জন আহত হয়েছে। 

বর্তমানে করোনা ভাইরাসের কারণে মানুষের ঘরে থাকা অপরিহার্য হলেও অনেকের ঘরের চালা উড়ে যাওয়ায় তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। এছাড়া বরুড়া, চান্দিনা, বুড়িচং, দেবিদ্বার, দাউদকান্দি উপজেলাসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঝড়ে কমবেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ে এসব উপজেলার কয়েকটি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি, বাজারের দোকান-পাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। 

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরুল হাসান জানান, ঝড়ে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ঘরবাড়ি, গাছ-পালা ও বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। 

ইত্তেফাক/এসআই