‘ত্রাণ দে, না হলে বিষ দে’

করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় একমাস যাবত অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এমন পরিস্থিতিতে কষ্টে জীবন-যাপন করছেন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। লালমনিরহাটের হাতীবান্ধায় ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ত্রাণ প্রদানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা বাড়ি চলে যায়। 

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩ টা থেকে ৪পর্যন্ত উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে অবস্থান করেন তারা।  জানা যায়, বুধবার বিকেলে ত্রাণের দাবিতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা বুড়িমারী-ঢাকা মহাসড়কে অবস্থান করেন। ‘ত্রাণ দে, না হলে বিষ দে’ এ ধরনের হাতে লেখা ফেস্টুন নিয়ে তারা দাড়িয়ে থাকে। পরে খবর পেয়ে ত্রাণ কর্মকর্তা, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ও  উপজেলা প্রশাসন গিয়ে ত্রাণের আশ্বাস দিলে  বিক্ষুব্ধ জনতা বাড়ি চলে যায়। 

এ বিষয়ে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, আজও আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা পায়নি তাদের দেওয়া হবে।

হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা ত্রাণ পায়নি তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের ত্রাণ দেওয়া হবে।   

ইত্তেফাক/এসআই