স্ত্রীকে হত্যার পর স্বামী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে স্বামীর হাতে স্ত্রী সেলিনা বেগম (৪৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে।পরে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। সেলিনা বেগম উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিন দাড়িয়ারপাড় গ্রামের বাদশা আলীর স্ত্রী। ঘটনাটি ঘটে বুধবার রাতে। 

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে বাদশা আলী তার স্ত্রী সেলিনা বেগমকে দা দিয়ে কুপাতে শুরু করে। এ সময় বাদশা আলীর মেয়ে আলেয়া (২২) তার মাকে উদ্ধার করতে গেলে বাদশা আলী তার মেয়েকেও দা দিয়ে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে আলেয়া ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ রাতেই বাদশা আলীকে গ্রেফতার ও সেলিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। আহত আলেয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম