পিসিআর ল্যাব হচ্ছে কিশোরগঞ্জে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চেষ্টায় কিশোরগঞ্জে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা কেন্দ্র (পিসিআর ল্যাব) স্থাপন করা হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা শহরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হবে। 

ল্যাব স্থাপন হলে কিশোরগঞ্জের কাউকে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য অপেক্ষা করতে হবে না। দিনের পরীক্ষার রিপোর্ট দিনেই পাওয়া যাবে। 

বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি জানিয়েছেন। 

তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। যেহেতু এ জেলায় ইতোমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন সেহেতু এখানে নমুনা সংগ্রহও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এখানে একটি পিসিআর ল্যাব প্রয়োজন। বিষয়টি অনুধাবন করে রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। ল্যাব তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা জানান, এই ল্যাবের মাধ্যমে গোটা হাওরাঞ্চলসহ জেলার আশপাশ এলাকার মানুষ করোনা ভাইরাস শনাক্তসহ আরও কিছু উন্নত প্যাথলজি পরীক্ষার সুযোগ পাবে। এ ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ