মানুষ জ্ঞানপিপাসু প্রাণী। স্বভাবতই মানুষ জানতে চায় আশেপাশের খবর। বিশ্বের যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পেতে সংবাদ মাধ্যমের কোনো বিকল্প নেই। বর্তমানে প্রযুক্তির কল্যাণে এই সুবিধা হয়ে উঠেছে আরো সহজতর। এক দশক আগেও অনলাইনভিত্তিক সংবাদ পোর্টালগুলোর এতটা প্রচলন ছিল না। মানুষ খবরের কাগজের জন্য অপেক্ষা করত। আগের দিনের ঘটে যাওয়া ঘটনা কাগজে পড়েই মানুষ জানত। কিন্তু তাত্ক্ষণিক খবর জানতে অনলাইন নিউজ পোর্টাল যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে; ঠিক সেইভাবে বেড়েছে ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল। এসব পোর্টালের অধিকাংশ খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক; যার ফলে মানুষ অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়। এসব সংবাদমাধ্যমে খবর পাঠিয়ে সমাজে সাংবাদিক বেড়ে উঠছে, এখনই এটি রোধ না করলে কিছুদিন পর ঘরে ঘরে সবাই নিজেদের মিডিয়া-কর্মী হিসেবে পরিচয় দেবে। অবিলম্বে কেবল নিবন্ধিত অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমকে খবর প্রকাশের অনুমতি দিয়ে বাকিগুলো বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া