জয়পুরহাটে প্রতি জেলায় করোনা পরীক্ষাগার চালুর দাবি

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা দিয়ে জেলায় জেলায় করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট শহরের আমতলীতে বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে ঘণ্টা ব্যাপি চলা এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান জোটের নেতারা। 

মানবন্ধনে জেলা বাম জোটের সমন্বয়ক ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক  এম এ রশিদ বলেন,  বর্তমান সঙ্কটকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে প্রতি জেলায় করোনা ভাইরাস বিশেষায়িত পরীক্ষাগার ও চিকিৎসার জন্য অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে হবে। 

আরও পড়ুন: পুলিশের ভ্রাম্যমাণ ‘স্বল্প মূল্যের বিক্রয় কেন্দ্র’

তিনি আরও বলেন, সরকার ঘোষিত লকডাউনের ফলে সকল শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য ও আর্থিক সংকটে পড়া কর্মহীন পরিবার গুলোকে রক্ষার জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহসহ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য মহল্লায় মহল্লায় রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমন্বয়ক মাহমুদুল করিম, বাসদ (মার্কসবাদীর) জেলা সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন প্রমুখ।

ইত্তেফাক/এসি