শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার এক কৃষকের বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তোলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কৃষক মোঃ ইসরাফিল মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির পাকা ধান কাটে তারা। পরে ধান বোঝাই করে কৃষকের বাড়িতে নিয়ে যায় এবং মাড়াই করে দেয় তারা।
ছাত্রলীগের এমন সহযোগিতা পেয়ে আনন্দিত কৃষক ইসরাফিল মিয়া বলেন, লোকের অভাবে আমি ধান কাটতে পারছিলাম না। পরে ছাত্রলীগের ছেলেগুলো খোঁজ নিয়ে আমার ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে। আল্লাহ ওদের ভালো করুক।
এ বিষয়ে আনন্দমোহন কলেজর নজরুল হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল কবির বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যার যার অবস্থান থেকে করোনার মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছি। এরই অংশ হিসেবে আমরা এক কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি।
তিনি বলেন, আমরা স্থানীয় উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুস সাকিব সতীল ও তাঁতিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিলুর মাধ্যমে তথ্য পেয়ে ধান কাটতে যাই। পুরো বোরো মৌসুম আমরা আমাদের এ কর্মসূচি অব্যাহত রাখবো।
করোনা মহামারীর শুরু থেকে লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার তৈরি করে বিতরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ময়মনসিংহ ও গাজীপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ
ওই কর্মসূচিতে কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গরজরিপা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, স্বপন, শাকিল,শান্ত,সুরমিন, জিয়াউর, বাবু, সাহিনুরসহ ২০ জন নেতা-কর্মী অংশ নেয়।
ইত্তেফাক/আরআই