রংপুরে হ্যান্ড স্যানিটাইজারসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ

রংপুরে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার পণ্য জব্দ করেছে র‌্যাব-১৩। বাজারে বিক্রি ও পণ্য মূল্যের তালিকা না থাকায় চালের ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় অভিযান চালিয়ে ০২টি ভ্যারাইটিজ স্টোর থেকে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ ও জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

র‌্যাব -১৩, রংপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদনহীন এসব হ্যান্ড স্যানিটাইজার স্থানীয়ভাবে তাদের সরবরাহ করা হয়। তারা অত্যন্ত কম মূল্যে এসব নকল পণ্য কিনে প্রতি ২শ” মি: লি: ১শ” থেকে ১শ”৫০ টাকা হারে বিক্রি করেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী মিন্টু স্টোর এর মালিক মো. রবিউল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং আল হাসান স্টোর এর মালিক মো. হাসান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয় ও বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়। 

রংপুর মহানগরীর মাহিগঞ্জ বাজারে চালের আড়তে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকায় রায় ট্রেড্রার্স, এস এম ট্রেডার্স এবং এ কে ট্রেডার্সসহ ৩টি চালের দোকানের বিরুদ্ধে জরিমানা করা হয়।

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীরা চালের মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহায়তায় উল্লিখিত ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না রাখায় রায় ট্রেড্রার্স এর মালিক অমিত বরণ রায়কে চার হাজার টাকা, এস এম ট্রেডার্স এর মালিক মোঃ ফিরোজ হোসেনকে চার হাজার টাকা এবং এ কে ট্রেডার্স এর মালিক মোঃ ইমরান হোসেনকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/বিএএফ