‘ইমিউনিটি পাসপোর্ট’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন 

করোনা ভাইরাস থেকে সেরে ওঠা লোকজনের কাজে ফেরা কিংবা ভ্রমণের জন্য বিভিন্ন দেশ তাদের যে বিশেষ অনুমতি দেওয়ার চেষ্টা করছে সেই বিষয়ে এসব দেশগুলোকে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বহু দেশে জারি করা হয়েছে নানা রকমের বিধিনিষেধ। এর মধ্যে একটি লকডাউন, যার কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। এই অবস্থা থেকে বের হয়ে অর্থনীতিকে আবার সচল করতে মরিয়া বিভিন্ন দেশের সরকার বিশেষ একটি ব্যবস্থা চালুর প্রস্তাব করেছে। এই বিশেষ অনুমতিকে বলা হচ্ছে ‘ইমিউনিটি পাসপোর্ট।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভাইরাস প্রতিরোধে একজন মানুষের দেহে অ্যান্টিবডি থাকলেই যে সে দ্বিতীয়বার আক্রান্ত হবে না এখনো তার কোনো প্রমাণ নেই। তারা বলছে, এই পাসপোর্ট অর্থাত্ তারা ‘ঝুঁকিমুক্ত’ এমন ছাড়পত্র দিলে তারা ভাববে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে এবং সতর্কতামূলক কোন ব্যবস্থা নেবার প্রয়োজন তাদের আর নেই। -বিবিসি